কনোলির ঝড়ে বাংলাদেশের হার, ৪ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে চার উইকেটের পরাজয় বরণ করেছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ১৯ ওভারে ১৩১ রানে অলআউট হয় টাইগাররা। জবাবে ১০ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান ১৪ বলে ২০ রান করলেও অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেননি। তানজিদ হাসান করেন ১০ রান, সৌম্য সরকার ১৭ রান এবং অধিনায়ক তাওহীদ হৃদয় মাত্র ৮ রান করে বিদায় নেন।
উইকেটরক্ষক পারভেজ হোসেন ইমন ১০ রান করেন। শেষদিকে মাহেদী হাসান কিছুটা প্রতিরোধ গড়ে ২২ বলে অপরাজিত ২৯ রান করেন। তবে অন্যপ্রান্তে নিয়মিত উইকেট পতনের কারণে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারের এক ওভার আগেই ১৩১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।
অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন অ্যাডাম জাম্পা ও জোয়েল ডেভিস। দুজনই ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া ম্যাট রেনশ ২টি এবং অভিষেক ম্যাচ খেলা নিখিল চৌধুরী ও স্পেন্সার জনসন একটি করে উইকেট নেন।
১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া। জশ ইংলিস ৫ এবং অধিনায়ক মিচেল মার্শ ১৩ রান করে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে সফরকারীরা।
তবে কুপার কনোলি দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ২৭ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংসে চারটি চার ও তিনটি ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন তিনি। এরপর টিম ডেভিড ১৬ বলে ২০ রান যোগ করে দলকে জয়ের আরও কাছে নিয়ে যান।
শেষদিকে ম্যাট রেনশ ১৮ এবং অভিষেক ম্যাচ খেলা নিখিল চৌধুরী ১৩ বলে ১৮ রান করে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন। ১৮.২ ওভারে ১৩৩ রান তুলে ৪ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া।
বাংলাদেশের হয়ে আব্দুল গাফফার সাকলাইন ২টি উইকেট নেন। এছাড়া শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মাহেদী হাসান ও রিশাদ হোসেন একটি করে উইকেট শিকার করেন।
এই জয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। সিরিজে সমতা ফেরাতে এখন দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ – ১৩১ অলআউট (১৯ ওভার) মাহেদী হাসান ২৯*, সাইফ হাসান ২০, সৌম্য সরকার ১৭। জাম্পা ৩/১৮, জোয়েল ডেভিস ৩/১৭।
অস্ট্রেলিয়া – ১৩৩/৬ (১৮.২ ওভার) কুপার কনোলি ৪৭, টিম ডেভিড ২০, নিখিল চৌধুরী ১৮। সাকলাইন ২/৩২।
ফল: অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী।